চলনবিলে নৌকা ডুবে জেলের মৃত্যু
নাটোরে সিংড়ায় ঝড়ে নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জেলে।
বুধবার সিংড়ার চলনবিল থেকে ভুট্রু মিয়ার লাশ উদ্ধার করা হয় বলে সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান।
ভুট্রু তেলিগ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
আহত জেকের আলী ও শাহাদৎ হোসেনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে সিংড়ার তেলিগ্রামে চলনবিলে নৌকায় করে মাছ শিকার করছিলেন জেলেরা। এ সময় ঝড় শুরু হলে তাদের নৌকাটি ডুবে যায়।
“অন্য জেলেরদের সঙ্গে জেকের ও শাহাদৎ সাঁতরে তীরে উঠতে পারলেও ভুট্রু মিয়া নিখোঁজ হন। সকালে ভুট্টুর লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।”
