কোরবানির আগেই ট্যানারি স্থানান্তর করতে হবে: নৌমন্ত্রী
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী কোরবানি ঈদের আগেই হাজারীবাগ থেকে সকল ট্যানারি সাভারে স্থানান্তর করতে হবে।
বুধবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক চামড়া শিল্প নগরীর সিইটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
তবে ট্যানারি মালিকরা আগামী কোরবানির ঈদের আগে ২৫/৩০টি ট্যানারি স্থানান্তরের আশ্বাস দেন মন্ত্রীকে।
মন্ত্রী বলেন, ট্যানারির জন্য নদীগুলোর দূষণ হচ্ছে। ঢাকা শহরের মানুষ প্রাণভরে নিশ্বাস নিতে পারছে না। কারও চাপেই পিছুপা হবে না সরকার।
ট্যানারি স্থানান্তরে অগ্রগতি না থাকায় মালিকদের প্রতি অসন্তোষও প্রকাশ করেন তিনি।
কিছু সমস্যা, অনীহা এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতিতে ট্যানারি স্থানান্তরে দীর্ঘসূত্রিতা হচ্ছে বলে মনে করেন মন্ত্রী।
এর আগে আলোচনা সভায় উপস্থিত ট্যানারি মালিকরা স্থানান্তর নিয়ে বিভিন্ন সমস্যা মন্ত্রীর কাছে তুলে ধরলে তিনি সমাধানের আশ্বাস দেন তিনি।
ওই সময় ট্যানারি মালিকরা আগামী কোরবানির ঈদের আগেই ২৫/৩০টি ট্যানারি স্থানান্তরের আশ্বাস দেন মন্ত্রীকে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, সাভার এলাকার সংসদ সদস্য এনামুর রহমান ও শিল্প মন্ত্রণালয়ের সচিব মোশারফ হোসেন ভুইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, পল্লী বিদ্যুৎ, তিতাস গ্যাস, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন ট্যানারির মালিকরা।
২০০১ সালে হাই কোর্ট এক রায়ে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এরপর ২০০৯ সালের ২৩ জুন আরেক আদেশে ট্যানারি সরানোর জন্য ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়।
সরকারপক্ষের আবেদনে ওই সময়সীমা কয়েক দফা বাড়ানোর পরও ট্যানারি স্থানান্তরের আদেশ বাস্তবায়িত না হওয়ায় ২০১৪ সালের ১৫ এপ্রিল হাই কোর্ট আদালত অবমাননার রুল জারি করে।
এর ধারাবাহিকতায় শিল্প সচিব আদালতে হাজির হয়ে বলেন, বার বার তাগিদ দেওয়ার পরও দশটি প্রতিষ্ঠান হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্প নগরীতে কারখানা সরানোর পদক্ষেপ নেয়নি। ওই তথ্যের ভিত্তিতে আদালত দশ ট্যানারি মালিকের বিরুদ্ধে আদালত অবমানার রুল দেয় এবং পরে তাদের তলব করে।
এরপর হাই কোর্ট ক্ষতিপূরণ হিসেবে হাজারীবাগের ট্যানারিগুলেকে প্রতিদিন ৫০ হাজার টাকা করে সরকারি কোষাগারে জমা দিতে বলেছিল।
এর বিরুদ্ধে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের করা আবেদনের নিষ্পত্তি করে গত ১৮ জুরাই প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ ক্ষতিপূরণের নতুন অংক ঠিক করে দেয়।
সে অনুযায়ী হাজারীবাগ থেকে না সরানো পর্যন্ত ১৫৪ ট্যানারিকে পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে প্রতিদিন ১০ হাজার টাকা করে সরকারি কোষাগারে জমা দেওয়ার আদেশ হয়।
অনুদান হিসেবে এই অর্থের অর্ধেক সরকারকে বাংলাদেশ লিভার ফাউন্ডেশনে জমা দিতে বলা হয়েছে ওই আদেশে।
