ট্যানারি: পরিবেশের ক্ষতিপূরণ প্রতিদিন ১০ হাজার টাকা
হাজারীবাগ থেকে না সরানো পর্যন্ত ১৫৪ ট্যানারিকে পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে প্রতিদিন ১০ হাজার টাকা করে সরকারি কোষাগারে জমা দিতে বলেছে আপিল বিভাগ।
অনুদান হিসেবে এই অর্থের অর্ধেক সরকারকে বাংলাদেশ লিভার ফাউন্ডেশনে জমা দিতে বলা হয়েছে।
হাই কোর্ট ক্ষতিপূরণ হিসেবে হাজারীবাগের ট্যানারিগুলেকে প্রতিদিন ৫০ হাজার টাকা করে সরকারি কোষাগারে জমা দিতে বলেছিল।
এর বিরুদ্ধে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের করা আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ ক্ষতিপূরণের নতুন অংক ঠিক করে দেন।
আপিল বিভাগে আবেদনকারীপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। অপরপক্ষে শুনানি করেন হাই কোর্টে আবেদনকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ।
হাই কোর্ট ২০০১ সালে এক রায়ে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এরপর ২০০৯ সালের ২৩ জুন আরেক আদেশে ট্যানারি সরানোর জন্য ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।
সরকারপক্ষের আবেদনে ওই সময়সীমা কয়েক দফা বাড়ানোর পরও ট্যানারি স্থানান্তরের আদেশ বাস্তবায়িত না হওয়ায় ২০১৪ সালের ১৫ এপ্রিল হাই কোর্ট আদালত অবমাননার রুল জারি করে।
এর ধারাবাহিকতায় শিল্প সচিব আদালতে হাজির হয়ে জানান, বার বার তাগিদ দেওয়ার পরও দশটি প্রতিষ্ঠান হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্প নগরীতে কারখানা সরানোর পদক্ষেপ নেয়নি। ওই তথ্যের ভিত্তিতে আদালত দশ ট্যানারি মালিকের বিরুদ্ধে আদালত অবমানার রুল দেয় এবং পরে তাদের তলব করে।
এদিকে ‘হাজারীবাগ ট্যানারি মুক্ত হতে আরও দুই বছর!’ ও ‘নেতাদের ট্যানারির কাজ এগোয়নি’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে দুটি প্রতিবেদন প্রকাশিত হলে সেগুলো যুক্ত করে নতুন একটি আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
তাদের আবেদনে গত ১৩ এপ্রিল নতুন করে ট্যানারির তালিকা দাখিলের নির্দেশ দেয় হাই কোর্ট।
শিল্প সচিবের প্রতিবেদনে দেখা যায়, হাজারীবাগের ১৫৫টি ট্যানারি কারখানার মধ্যে কেবল রিলায়েন্স ট্যানারি লিমিটেড (ইউনিট-২) কারখানা স্থানান্তর করেছে; অন্যগুলো প্রক্রিয়াধীন।
উচ্চ আদালতের নির্দেশনার পরও বাকি ওই ১৫৪টি কারাখানা সাভারের চামড়া শিল্প নগরীতে না সরানোয় গত ১৬ জুন হাই কোর্ট প্রতিদিনি ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের আদেশ দেয়।
পাশাপাশি হাজারীবাগের ট্যানারি বর্জ্য বুড়িগঙ্গায় ফেলে পরিবেশের কী পরিমাণ ক্ষতি প্রতিদিন করা হচ্ছে- তা নিরূপণ করতে বলা হয় পরিবেশ সচিবকে।
জরিমানার আদেশের বিরুদ্ধে ট্যানারি মালিকদের দুই সংগঠনের চেয়ারম্যান চেম্বার আদালতে গেলে গত ২৮ জুন অবকাশকালীন চেম্বার বিচারপতি হাই কোর্টের আদেশ ১৭ জুলাই পর্যন্ত স্থগিত করে বিষয়টি শুনানির জন্য নিয়মিত আপিল বেঞ্চে পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় সোমবার বিষয়টি আপিল আদালতে শুনানির জন্য ওঠে।
শুনানিতে আবেদনকারী পক্ষে আইনজীবী শেখ ফজলে নূর তাপস বলেন, “ট্যানারিগুলো স্থানান্তরের জন্য কারখানার মালিকপক্ষ দিন-রাত কাজ করছেন। সরকার এখনও সেখানে সিইপিটির কাজ শেষ করতে পারেনি। যেদিন এসব কাজ শেষ হয়ে যাবে, সেদিনই চলে যাবে। এ বছরই চলে যাবে। মালিকরা নিজেদের অর্থে স্থানান্তরের কাজ করছেন। তাদের অপরাধী হিসেবে দেখবেন না।”
আদালত এ সময় জানতে চান, “হাই কোর্টের আদেশের পর কস্ট (খরচা) জমা দিয়েছেন কি?”
জবাবে শেখ ফজলে নূর তাপস ‘না’ সূচক জবাব দেন।
তার বক্তব্যের বিরোধিতা করে পরে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সিইটিপির কাজ হয়ে গেছে বলে শিল্প সচিবের প্রতিবেদনে এসেছে।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত আবেদন নিষ্পত্তি করে আদেশ দেয়।
