২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 02:48 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

বুধবার দিনের প্রথম ভাগে এসব দুর্ঘটনা ঘটে বলে জানান গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক।

নিহতরা হলেন গোদাগাড়ী পৌরসভার ইসরাইলের স্ত্রী মাবিয়া খাতুন, গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আবদুল মান্নানের স্ত্রী আনোয়ারা বেগম ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাটখালি গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী আলেয়া খাতুন।

পরিদর্শক রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাবিয়া ও আনোয়ারা ভোর ৬টার দিকে পৌরসভার ডায়িংপাড়া মোড়ের কাছে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন।

“এ সময় একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে গেলে মাবিয়া ঘটনাস্থলেই মারা যান। আর আনোয়ারাকে গোদাগাড়ী হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।”

অপরদিকে বেলা ১১টার দিকে একই সড়কের সাব্দিপুর এলাকায় ট্রাকের ধাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আলেয়া খাতুনের মৃত্যু হয় বলে ওসি জানান।

তিনি বলেন, এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হলে তাদের ১৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।