২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ার মাছের আড়তে ভাংচুর, লুটপাট

নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি মাছের আড়তে ভাংচুর ও লুটপাট চালিয়েছে একদল ডাকাত, যার নেতৃত্বে এক ওয়ার্ড সদস্য বলে পুলিশের দাবি।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 12:27 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

মঙ্গলবার গভীর রাতে চরঈশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম আজাদের মাছের আড়তে এই হামলা হয়।  

হামলাকারীরা আড়ত থেকে নগদ টাকা, মাছ ও জালসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে আজাদের অভিযোগ।  

চেয়ারম্যান আজাদ বলেন, গত কয়েকদিন থেকে চর ঈশ্বরের মাইচ্ছা মার্কেটে তার আড়তে ডাকাতির পরিকল্পনা চলছে জানতে পেরে বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেছিলেন আগে।

“মঙ্গলবার রাত আড়াইটার দিকে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রবীন্দ্র কুমার দাসের নেতৃত্বে ২০-২৫ জনের একদল সশস্ত্র ডাকাত ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে তার আড়তে হামলা ও ভাংচুর চালায়।”

তার দাবি, এ সময় দস্যুরা আড়তের কর্মী রূপক নন্দী দাস ও আবুল কালাম কালুকে পিটিয়ে আহতে করে ক্যাশবাকশ থেকে নগদ তিন লাখ টাকা, বরফ দিয়ে সংরক্ষিত এক হাজার কেজি ইলিশ মাছ ও সাত লাখ টাকা মূল্যের জাল, সোলার প্যানেলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

হাতিয়া থানার ওসি ওমর ফারুক বলেন, ডাকাতির খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদেরকে আটক ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

“এ ব্যপারে রবীন্দ্র কুমার দাসের বিরুদ্ধে আজাদকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।”

রবীন্দ্র দাসের বিরুদ্ধে থানায় আরও সন্তাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলেও জানান ওসি।

এ ব্যাপারে কথা বলতে রবীন্দ্র দাসের মোবাইলে ফোন করে তাকে পাওয়া যায়নি।