বগুড়ায় পুলিশের কাছ থেকে আসামির পলায়ন
বগুড়ায় হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছে।
মঙ্গলবার দুপুরে শহরের বনানী এলাকায় এ ঘটনা ঘটে বলে ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান।
পলাতক আনিছুর রহমান ধুনট উপজেলার মহিশুরা দাখিল মাদ্রাসার অফিস সহকারী। তিনি ওই উপজেলার একটি মসজিদের ইমামকে পিটিয়ে হত্যার আসামি।
ওসি মিজানুর বলেন, ৩ জুলাই রাতে ধুনট উপজেলার বানিয়াগাতি জামে মসজিদের ইমাম মতিউর রহমানকে পিটিয়ে হত্যার মামলায় আনিছুরকে ২৫ জুলাই গ্রেপ্তার করে পুলিশ।
“মঙ্গলবার তিন পুলিশ সদস্য তাকে একটি অটোরিকশায় বগুড়ার আদালতে নিয়ে যাচ্ছিলেন। গ্যাস নিতে অটোরিকশাটি বনানীতে থামলে তাদের অসাবধানতায় আসামি আনিছুর হাতকড়া পরিহিত থাকা অবস্থায় পালিয়ে যান।”
বগুড়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তের পর তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
