২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে স্কুলছাত্র হত্যায় ৩ সহোদরের মৃত্যুদণ্ড

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় স্কুলছাত্র বিল্লাল হোসেন হত্যা মামলায় তিন সহোদরসহ চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 08:28 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

সোমবার বিকালে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইগাতী উপজেলার কোনাগাও গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আবু জাফর সুরুজ (৫৫), মনিরুজ্জামান হান্নান ওরফে মেন্দা (৩২) ও দুদু মিয়া (৪৫) এবং আবু জাফর সুরুজের ছেলে আল আমিন (২০)।

মামলার শুরু থেকে চারজন পলাতক রয়েছেন।

একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠাণ্ডু।

এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও পাঁচ আসামিকে খালাস এবং মামলা চলাকালে এক আসামির মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইমাম হোসেন জানান, ২০০৬ সালের ৩ মে রাতে উপজেলার কোনাগাও গ্রামের নুর ইসলামের স্কুলপড়ুয়া ছেলে বিল্লাল হোসেনকে (১৬) ঘুমন্ত অবস্থায় বসতবাড়ি থেকে অপহৃত হয়। খোঁজাখুজির পর ৮ মে প্রতিবেশী রব্বানীর বসতবাড়ির স্যানিটারি ল্যাট্রিনে বিল্লালের লাশ পাওয়া যায়।

“এ ঘটনায় নুর ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।  দীর্ঘ তদন্ত শেষে ২০১০ সালের ৩১ অগাস্ট ১০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।”