সাত খুন: আরও ৩ জনের সাক্ষ্য
নারায়ণগঞ্জের সাত খুন মামলায় আরও তিন জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তারা সাক্ষ্য দেন।
এরা হলেন, ভোলা থানার সাবেক এএসআই বর্তমানে র্যাব-১ উত্তরায় কর্মরত মাহাবুব মল্লিক, সিদ্ধিরগঞ্জ থানার সাবেক এএসআই বর্তমানে অবসরপ্রাপ্ত এবিএম সিরাজুল ইসলাম এবং র্যাব-১১ এর সাবেক সদস্য মো. মনিরুজ্জামান।
সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আগামী ৮ অগাস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ রেখেছেন বলে আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন জানান।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ সাত জনকে অপহরণ করা হয়। তিন দিন পর তাদের লাশ উদ্ধার করা হয় শীতলক্ষ্যা নদী থেকে।
ওই ঘটনায় নজরুল ইসলাম ও তার ৪ সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আরেকটি মামলা করেন ফতুল্লা মডেল থানায়।
প্রায় এক বছর তদন্ত শেষে ৩৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।
