২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমানী বিমানবন্দরে বিশেষ তল্লাশি ও নজরদারি

অবৈধ অস্ত্র, মাদকসহ বিপজ্জনক বস্তু পাচার রোধে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ব্যাগ তল্লাশি ও বিশেষ নজরদারি শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 05:17 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

সোমবার সকাল থেকে বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় এ কার্যক্রম শুরু হয় বলে সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার একেএম নুরুজ্জামান জানান।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের প্রেক্ষিতে এ অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নুরুজ্জামান বলেন, বিমানবন্দর দিয়ে চলাচলকারী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রীরা তাদের ব্যাগেজে কিংবা পার্সেলে করে অবৈধ অস্ত্র, হুমকিজনিত কোনো ধরনের বস্তু বা দ্রব্য এবং মাদক পাচার যাতে না করতে পারে তার নজরদারি রাখতেই বিশেষ এ অভিযান চলছে।

পরবর্তী নির্দেশ না পওয়া পর্যন্ত নাশকতা রোধে দৈনন্দিন কাজের বাইরে অতিরিক্ত এ কার্যক্রম চলবে বলে জানান তিনি।