রংপুরে শিক্ষকের উপর ছাত্রলীগের ‘হামলা’
নকলে বাধা দেওয়ায় রংপুর সরকারি কলেজের এক শিক্ষকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
রোববার দুপুরে শ্রেণি কক্ষে মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক ও কলেজের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল্লাহ হাজ্জাজের নেতৃত্বে তার উপর এ হামলার ঘটনা ঘটে বলে প্রভাষক আজিজুল হক জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন হাজ্জাজ। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
শিক্ষক আজিজুল অভিযোগ করেন, শনিবার দুপুরে মাস্টার্স পরীক্ষা চলাকালে আব্দুল্লাহ হাজ্জাজ দলবল নিয়ে পরীক্ষা হলে আসে।
“ওই কক্ষে পরীক্ষায় বসা ছাত্রলীগ নেতাকে নকলে বাধা না দেওয়ার জন্য আমাকে অনুরোধ করেন হাজ্জাজ। তাতে রাজি না হলে তারা আমাকে গালমন্দ করে চলে যায়। রোববার বেলা সাড়ে ১২টার দিকে তারা আবার লাঠিসোটা নিয়ে শ্রেণিকক্ষে ঢুকে আমার ওপর অতর্কিত হামলা চালায়।”
এ বিষয়ে ছাত্রলীগ নেতা হাজ্জাজ বলেন, “কোনো ধরনের হামলা করা হয়নি। কথা কাটাকাটি হয়েছে মাত্র। এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”
হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কানিজ উম্মে নাজমা নাসরিন।
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মতিন লস্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ বিষয়টি নিয়ে বিকালে জরুরি সভা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী মামলা করা হবে।”
