আশুলিয়ায় ছিনতাই চেষ্টার সময় ২ যুবক আটক
ঢাকার আশুলিয়ায় ছিনতাই চেষ্টার সময় দুই যুবককে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রোববার দুপুরে আশুলিয়ার বলিভদ্র এলাকায় এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান।
এরা হলেন শাহরিয়ার আলম (২৫) ও মো. সাগর (২৩)। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, আশুলিয়ার পূবালী ব্যাংকের গণকবাড়ি শাখা থেকে এনামুল হক নামের এক ব্যক্তি ৬৪ হাজার টাকা তুলে বলিভদ্র এলাকার দিকে যাচ্ছিলেন।
“পথে দুটি মোটরসাইকেলে আসা তিনজন যুবক তার গতিরোধ করে তাকে ছিনতাইকারী বলে এলোপাতাড়ি মারধর করতে থাকে।”
তিনি বলেন, একপর্যায়ে ওই তিন যুবক এনামুলের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে একজন পালিয়ে যান। বাকি দুইজনকে আটক এবং পিটুনি দিয়ে আশুলিয়া থানায় হস্তান্তর করা করে তারা।
