ভুয়া তালিকায় সরকারি অর্থ আত্মসাত চেষ্টার অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলার দুটি ইউনিয়নে ভুয়া তালিকা দেখিয়ে সরকারি সাহায়তার অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
ভান্ডারবাড়ী ও গোসাইবাড়ী ইউনিয়নের তিনটি গ্রাম নিউ সারিয়াকান্দি, পুকুরিয়া ও শহরাবাড়ী।
স্থানীয়রা জানান, নিউ সারিয়াকান্দি ও পুকুরিয়া গ্রাম খাতা কলমে থাকলেও যমুনার ভাঙনে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে অনেক বছর আগে। শহরাবাড়ী গ্রামের ৩০ থেকে ৫০টি পরিবার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশে এবং বাকি অংশ পাশের ইউনিয়ন গোশাইবাড়ী ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে।
অভিযোগ উঠেছে, এ গ্রাম তিনটিকে পানিবন্দি দেখিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যারা ভুয়া তালিকা তৈরি করে সরকারি সহায়তার অর্থ লুটপাটের চেষ্টা করছেন।
সরকারিভাবে করা ধুনট উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামের তালিকায় ভান্ডারবাড়ী ও গোসাইবাড়ী ইউনিয়নে ১৩টি গ্রামের নাম তোলা হয়েছে।
গ্রামগুলি হলো-ভান্ডারবাড়ী ইউনিয়নের বৈশাখী, বানিয়াজান, উত্তর শহরাবাড়ী, দক্ষিণ শহরবাড়ী, শিমুলবাড়ি, কৈয়াগাড়ি, নিউ সারিয়াকান্দি, ভুতবাড়ী, ভান্ডারবাড়ী, পুকুরিয়া, মাধবডাঙ্গা এবং গোশাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া।
সরেজমিনে গিয়ে স্থাণীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তালিকার সঙ্গে বাস্তবতার অনেক অংশে মিল নেই।
এ ব্যাপারে ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিউ সারিয়াকান্দি ও পুকুরিয়া গ্রামের অস্তিত্ব নেই। ওই গ্রামগুলি অনেক বছর আগে যমুনায় বিলীন হয়েছে।
এছাড়া রঘুনাথপুর ও ভান্ডারবাড়ী গ্রামে বন্যার পানি ওঠেনি। কৈয়াগাড়ী গ্রামের কিছু অংশ বন্যায় প্লাবিত হয়েছে। বেশিরভাগ মানুষই এখন বাঁধে কিংবা বাঁধের পশ্চিম পাড়ে আগে থেকেই বাড়ি ঘর করে বসবাস করছে বলে দাবি তার।
মাধবডাঙ্গা গ্রামের রবিউল হাসান ভুটান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই গ্রামের লোকসংখ্যা ১৩২৯। এর মধ্যে ৫০ থেকে ৬০ জনের বাড়িঘরে বন্যার পানি উঠেছে। গ্রামের বাকি অংশ যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পশ্চিম পাড়ে। তাই বাঁধ না ভাঙলে বাকি অংশে পানি ওঠা সম্ভব নয়।
শহরাবাড়ী গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য হযরত আলী বলেন, উত্তর শহরাবাড়ী ও দক্ষিণ শহরাবাড়ীর লোক সংখ্যা ৪৪৩২। এর অধিকাংশ থাকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে এবং পাশে গোশাইবাড়ী ইউনিয়নে।
শিমুলবাড়ী গ্রামের মহুবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিমুলবাড়ী গ্রামের লোক সংখ্যা ২২৭১ হলেও পানিবন্দি হয়েছে ১০০ জনের মতো। মেম্বার-চেয়ারম্যানরা রিলিফ ও সরকারি অনুদান বেশি নেওয়ার জন্য পুরো গ্রামের লোকজনকে পানিবন্দি দেখিয়েছেন।
শহরাবাড়ী গ্রামের এনামুল বারী এখন পাশের গোশাইবাড়ী ইউনিয়নে বসবাস করে।
তিনি বলেন, ভান্ডারাড়ী ইউনিয়নের অনেক গ্রামের অস্তিত্ব নেই এবং বেশিরভাগ মানুষই পাশের ইউনিয়ন গোশাইবাড়ী ও শেরপুর উপজেলায় বসবাস করছে। সরকারী খাতায় লোকসংখ্যার হিসাব থাকলেও বাস্তবে তা নেই।
“ভান্ডারবাড়ী ইউনিয়নের ভোটার সংখ্যা সাড়ে ১৪ হাজার হলেও তাদের বেশিভাগেই থাকে অন্য জায়গায়। ভোটের সময় ভোট দিতে আসে।”
চেয়ারম্যান-মেম্বাররা রাস্তা-ঘাট, ফসলি জমি, পানিবন্দি লোকের সংখ্যা বেশি দেখিয়ে বেশি বেশি অনুদান সংগ্রহ করে তা লুটপাটের জন্যই ভুয়া তালিকা উপজেলায় প্রদান করেন বলে তার অভিযোগ।
ধুনট উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী ওই ১৩টি গ্রামের লোক সংখ্যা ১৬ হাজার।
ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল মোর্শেদ আপেল তার ইউনিয়নের ১২টি গ্রামে পানিবন্দি লোক দেখিয়েছেন ১১ হাজার।
কিন্তু এ গ্রামগুলোতে তিন হাজারের বেশি ক্ষতিগ্রস্ত হবে না বলে দাবি করেন ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন।
এ ব্যাপারে ভান্ডারবাড়ি ইউপি চেয়ারম্যান আপেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরেজমিনে ক্ষতিগ্রস্তের সকল তালিকা তৈরি করা হয়েছে।
ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দেওয়া তথ্য আমরা জেলায় পাঠিয়ে থাকি। সেই তথ্যের ভিত্তিতেই জেলা থেকে রাস্তা-ঘাট নির্মাণ, ত্রাণসহ বিভিন্ন সহযোগিতা করা হয়।
“চেয়ারম্যানরা বেশি বেশি করে যদি তথ্য দেয় তাহলে আমাদের করার কী আছে?”
