২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ‘জিহাদ’ প্রচারে ছিল এনায়েতের নিখোঁজ ভাইও

প্রায় ১১ বছর আগের গাজীপুর বারে বোমা হামলার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য এনায়েত উল্লাহ ঢাকা থেকে গোপালগঞ্জে বাড়িতে এলে ‘জিহাদ’ করার জন্য উদ্বুদ্ধ করতেন বলে জানিয়েছে তার পরিবার।

মনোজ সাহা

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2016, 12:39 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

পুরনো খবর:

গাজীপুর বারে বোমা: ৬ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল

ওই বছরই এনায়েত গ্রেপ্তার হওয়ার  আগে তার ছোট ভাই হেদায়েত উল্লাহও তার কাছ থেকে ‘জিহাদের দাওয়াত’ বাড়ির লোকদের কাছে পৌঁছে দিতেন।

২০০৫ সালের ২৯ নভেম্বর ওই ঘটনায় বৃহস্পতিবার জেএমবির ৬ সদস্যের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেয় হাই কোর্ট।

গাজীপুরে বোমা হামলার মামলায় একই বছর ডিসেম্বরে এনায়েত গ্রেপ্তার হন। এর পর পরই নিখোঁজ হন তার ছোট ভাই হেদায়েত উল্লাহ।

কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ আব্দুস সামাদ মোল্লার চার ছেলের মধ্যে সবার বড় ছেলে এনায়েত উল্লাহ ওরফে ওয়ালিদ ওরফে জুয়েল।

গ্রেপ্তার হওয়ার আগে এনায়েত ঢাকার একটি মসজিদে ইমামতি করতো বলে জানান তার বাবা। তার ছোট হেদায়েত উল্লাহ ওই ঘটনার পর থেকেই নিখোঁজ। 

সেজো ছেলে রহমাত উল্লাহ সিঙ্গাপুর প্রবাসী, সব ছোট সাফায়েত উল্লাহ বাড়িতেই থাকেন।

Image
কোটালীপাড়ার বর্ষাপাড়া গ্রামে গাজীপুর বারে বোমা হামলার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য এনায়েত উল্লাহর বাড়ি।

কোটালীপাড়ার বর্ষাপাড়া গ্রামে গাজীপুর বারে বোমা হামলার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য এনায়েত উল্লাহর বাড়ি।

বৃহস্পতিবার বিকালে নিজ বাড়িতে আব্দুস সামাদ সাংবাদিকদের বলেন, “২০০৪ সালের দিকে জিহাদের দাওয়াত নিয়ে বিভিন্ন সময় বাড়ি আসত এনায়েত উল্লাহ। আমরা কেউ তার দাওয়াত গ্রহণ করিনি। ইসলাম এ ধরনের জিহাদ সমর্থন করে না। আমার ছেলে ভুল পথে গেছে।”

এনায়েতের মা রাজিয়া বললেন, হেদায়েতের মাধ্যমেও বাড়ির লোকদের কাছে এনায়েত ‘জিহাদি দাওয়াত’ পাঠাতো।

“১০ বছর ধরে আমার মেজো ছেলে হেদায়েত উল্লাহও নিখোঁজ রয়েছে।”

এবিষয়ে জানতে চাইলে কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘জঙ্গিবাদী তৎপরতার’ বিভিন্ন ঘটনায় হেদায়েতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

২০০৫ সালের পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তার সন্ধান বের করার চেষ্টায় রয়েছে বলে জানান তিনি।