২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ছে পানি, বাড়ছে দুর্ভোগ

নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। সেইসঙ্গে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় বাড়ছে বানভাসিদের দুর্ভোগ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2016, 10:02 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

বৃহস্পতিবার পদ্মার পানি ভাগ্যকূল ১০ সেন্টিমিটার এবং মাওয়া পয়েন্ট ৮ সেন্টিমিটার এবং গোয়ালন্দ পয়েন্টে ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

এছাড়া গাইবান্ধায় ঘাঘট নদীর পানি বিপদসীমার ৮৬ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদে ৮০ সেন্টিমিটার এবং বিপদসীমা দিয়ে বইছে। আর সিরাজগঞ্জে যমুনার পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭০ সেন্টিমিটার এবং কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯৯ ও কুড়িগ্রাম সেতু পয়েন্টে ধরলা নদীর পানি ৯ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মুন্সীগঞ্জ:

পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার মুন্সীগঞ্জের নিম্নাঞ্চলের আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার।

পদ্মা তীরের বাড়িঘর জলমগ্ন ছাড়াও বহু ফসলী জমি তলিয়ে গেছে।

মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল জানান, গত ২৪ ঘণ্টায় ভাগ্যকূল পয়েন্টে পদ্মার  পানি আরও ১০ সেন্টিমিটার বেড়ে ২৯ সেন্টিমিটার এবং মাওয়া পয়েন্টে ১১ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।

ফলে লৌহজং, শ্রীনগর উপজেলার নিম্নাঞ্চলসহ টঙ্গীবাড়ি উপজেলার পদ্মাতীরের দিঘিরপাড়, কামারখারা, হাসাইল-বানারী এবং পাঁচগাঁও ইউনিয়নের একাংশ প্লাবিত হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। রিজার্ভ হিসাবে ৫০ টন জিআর চাল এবং নগদ ১ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

ফরিদপুর:

ফরিদপুরে গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬০ সেমিমিটার উপর দিয়ে প্রবাহিতত হচ্ছে। এর ফলে জেলার চারটি নদ/নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী পাশ্ববর্তী নিম্নাঞ্চলের সাতটি ইউনিয়নে ৩৫ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, গত ১২ ঘন্টায় পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে আরও ৭ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় জেলার সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার সাতটি ইউনিয়নের আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

পানি বৃদ্ধির ফলে ভাঙন দেখা দিয়ে মধুমতি ও আড়িয়াল খাঁয় নদীতে। প্রতিদিনই ফসসি জমিসহ ও ঘরবাড়ি হারাচ্ছে নদী পাড়ের মানুষ।

ফরিদপুর জেলা প্রশাসনের এনডিসি রুবায়েত হায়াত শিবলু জানান, পানিবন্দি মানুষের জন্য এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ১৫ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও নগদ অর্থ প্রস্তুত রাখা হয়েছে।

ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুজ্জামান মিলন পাল বলেন, প্রতিদিনই পদ্মার পানি বেড়েই চলেছে । ইউনিয়নটি পদ্মার চরাঞ্চলে হওয়ায় অধিকাংশ এলাকায় পানি প্রবেশ করেছে।

প্লাবিত এলাকায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। তলিয়ে গেছে আউশ ধানের ক্ষেত।

এছাড়াও নিম্নাঞ্চল থেকে জেলা শহরের সাথে যোগাযোগের সড়কগুলো অধিকাংশই তলিয়ে গেছে।

গাইবান্ধা:

বৃহস্পতিবার গাইবান্ধার সাঘাটার ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড়-কাতলামারী বেড়িবাঁধের কাতলামারী পয়েন্টে ভেঙে সাঘাটার ভাঙ্গমোড়, কুকরাহাট ও দক্ষিণ কাতলামারী গ্রাম এবং ভরতখালি কালিমন্দিরের সামনে পাকা সড়ক ভেঙে ভরতখালি বাজার নতুন করে প্লাবিত হয়েছে।

এছাড়া গাইবান্ধা সদর উপজেলার কামারজানি হাট, তহশিল অফিস, ফুলছড়ি হাট বন্যার পানিতে তলিয়ে গেছে। জেলার বৃহত্তম ওই হাট তিনটি পানিতে ডুবে যাওয়ায় ওই এলাকার মানুষের ব্যবসা-বাণিজ্য ও বেচা কেনা বন্ধ হয়ে গেছে।

অপরদিকে ফুলছড়ি-সাঘাটা-গাইবান্ধা সড়কের ২০টি পয়েন্টে সড়কের উপর দিয়ে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কুমার সরকার জানান, বৃহস্পতিবার ঘাঘট নদীর পানি বিপদসীমার ৮৬ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমারয় চলে এসেছে।

“গাইবান্ধা শহররক্ষা ঘাঘট বাঁধ ও ব্রহ্মপুত্র নদের বাঁধের শতাধিক পয়েন্ট ঝুঁকির মধ্যে রয়েছে। বুধবার রাতে থেকে বাঁধ ঝুঁকিতে থাকার বিষয়ে গাইবান্ধা শহরে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।”

স্থানীয়দের নিয়ে পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেলে সেসব এলাকা রক্ষা করার চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এ পর্যন্ত জেলার বন্যা কবলিত সাঘাটা, ফুলছড়ি, সদর ও সুন্দরগঞ্জ উপজেলার ৩৩টি ইউনিয়নের ২২৩টি গ্রামের দুই লাখ ৫৬ হাজার ৫৭৩ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সরকারিভাবে জেলার পানিবন্দি মানুষদের জন্য ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও সদর উপজেলায় ৪৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

বন্যায় তিন হাজার ৪২টি ঘরবাড়ি, ভাঙনে এক হাজার ৬৫৮টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১৫৪ কিলোমিটার কাঁচা সড়ক বিধ্বস্ত ও ৬০৩টি পুকুরের মাছ ভেসে গেছে বলে জানান তিনি।

বিদ্যালয়ে পানি ওঠায় জেলার ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়, ২৫টি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসা ও কলেজে পাঠদান বন্ধ আছে।

বন্যায়  জেলার ১৮ হাজার ৭১২ হেক্টর জমির শাক সবজি, আমন বীজতলা, রোপা আমন ও আউশ ধান তলিয়ে গেছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক  আ কা ম রুহুল আমিন জানান।

গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামসুল আজম বলেন, এ পর্যন্ত ৩০০ মেট্রিকটন চাল, ৫ লাখ টাকার মজুত শুকনা খাবার ও ২ লাখ নগদ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়াও বন্যার্তদের মাঝে চাল, ডালসহ বিভিন্ন সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

অতিরিক্ত ত্রাণের চাহিদা জানিয়ে ত্রাণ মন্ত্রণালয়ে বার্তা পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সিরাজগঞ্জ:

যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জের পাঁচ উপজেলার ৩১ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।এতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলসহ সিরাজগঞ্জ পৌর এলাকার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে এসব অঞ্চলের শত শত একর ফসলি জমি।

জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা ওয়ালি উদ্দিন জানান, সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলায় ৩১টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের কমপক্ষে সাড়ে ৭ হাজার পরিবারের ৫০ হাজার লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৯৫০টি বাড়িঘর আংশিক ও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

“বন্যার্তদের ১৩৯টি কেন্দ্রে আশ্রয় এবং ১৪০ মেট্রিক টন ক্ষয়রাতি চাল ও ৩ লাখ নগদ টাকা সাহায্য দেওয়া হয়েছে “

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম জানান, বন্যা প্লাবিত হওয়ায় বুধবার পর্যন্ত জেলার ১২৪টি বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।

কুড়িগ্রাম:

কুড়িগ্রামে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় পানিবন্দি মানুষের ভোগান্তি বেড়েছে।

দুর্গম চরের মানুষ বন্যা ও বৃষ্টির মধ্যে অমানবিক জীবন-যাপন করছে। সেইসঙ্গে দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট ও পানিবাহিত রোগ।

এদিকে বৃহস্পতিবার বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারু দাস (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন জানান, ইউনিয়নের অনন্তপুর নামক এলাকায় নারু দাস জীবিকার তাগিদে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। সে ওই এলাকার কান্দুরা দাসের ছেলে।

জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের তথ্য মতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় জেলায় বন্যা কবলিত দেড় লাখ পরিবারের সোয়া ৬ লাখ মানুষ দুর্ভোগে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯৯ সেন্টিমিটার উপরে এবং কুড়িগ্রাম সেতু পয়েন্টে ধরলা নদীর পানি ৯ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা বন্যা কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে জেলার ৫৬টি ইউনিয়নের ৭১৯  গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় ১ হাজার ১৮৭ বর্গ কিলোমিটার এলাকা পানিতে ডুবে আছে।

“পানিবন্দি মানুষের সংখ্যা ৬ লাখ ১৫ হাজার ৩৭০ জন। এছাড়াও  নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে ২২ হাজার ৩৭০ জন।”

এছাড়াও ২০টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং ২২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক ক্ষতি হয়েছে।

দুর্গত এলাকায় ৮৫টি মেডিকেল টিম চিকিৎসা সেবা দেওয়ার জন্য কাজ করছে বলে জানিয়েছেন সিভিল সার্জন আমিনুল ইসলাম।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মকবুল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী  বন্যায় ৮ হাজার ৩৭৩ হেক্টর ফসল জলমগ্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ২৯৮ জন কৃষক।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ জানান, এ পর্যন্ত ৬৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। বিতরণ হয়েছে ৫৭৫ মেট্রিকটন। প্রাপ্ত ১৮ লাখ টাকার মধ্যে ১৫ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

পরিস্থিতি মোকাবেলার জন্য আরও ২০ লাখ টাকা ও ৭০০ মেট্রিক টন চাল চাওয়া হয়েছে বলে জানান তিনি।