বন্যায় গাইবান্ধায় ১৭৪ শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ
বন্যায় বিদ্যালয় চত্বর ও বিদ্যালয় ভবন পানি ঢোকায় গাইবান্ধার ১৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে।
এরমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৪৯টি, মাধ্যমিক বিদ্যালয় ১৭টি, মাদ্রাসা ৭টি একটি কলেজে পাঠদান সাময়িক স্থগিত রয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তারা।
এসব শিক্ষা প্রতিষ্ঠানের কোনোটায় এক সপ্তাহ; আবার কোনোটা দুই/তিন দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম আমিরুল ইসলাম বলেন, বন্যায় বিদ্যালয়ের মাঠ ও শ্রেণি কক্ষে পানি প্রবেশ করায় গাইবান্ধা সদর উপজেলায় ২৬, ফুলছড়িতে ৫১, সাঘাটায় ২৯ ও সুন্দরগঞ্জ উপজেলায় ৪৩টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার বলেন, বন্যার পানি প্রবেশ করায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান সাময়িক বন্ধ রাখা হয়েছে। এরমধ্যে গাইবান্ধা সদর উপজেলায় দুইটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা, ফুলছড়িতে সাতটি মাধ্যমিক বিদ্যালয়, চারটি মাদ্রাসা, একটি কলেজ, সাঘাটায় দুটি মাদ্রাসা এবং সুন্দরগঞ্জ উপজেলায় ছয়টি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসা রয়েছে।
