ফেরি পারাপার বিঘ্নিত, ৪ ঘাটে গাড়ির জট
পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় চার ঘাটে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়েছে।
বৃহস্পতিবার দুপুরে শিমুলিয়া প্রান্তে পণ্যবাহী প্রায় আড়াইশ ট্রাকসহ দুই ঘাটে অন্তত পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
ওই সময় পাটুরিয়ায় আটকে ছিল শতাধিক যাত্রীবাহী বাস ও পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক।
পদ্মা উত্তাল থাকায় গত সাত দিন ধরেই শিমুলিয়া-কাওড়াকান্দি পথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বলে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান।
তিনি বলেন, তাদের বহরে থাকা ১৭টি ফেরির মধ্যে নয়টি ফেরি চলাচল করছে। তবে সেগুলো এক ঘাট থেকে অন্য ঘাটে ভিড়তে অন্য সময়ের চেয়ে প্রায় দেড়গুণ বেশি সময় নিচ্ছে।
“স্রোত বেশি থাকায় রাতের বেলা ফেরি টানা চলতে পারছে না। সাতটি টানা ফেরির মধ্যে দিনের বেলায় একটি দিয়ে পারাপারের চেষ্টা করা হচ্ছে। এখন রো রো, কে-টাইপ ও মধ্যম এবং ছোট ফেরিগুলো চলাচল করছে।”
বাস ও ছোট যানগুলোকে প্রাধান্য দেওয়ায় পণ্যবাহী ট্রাকগুলো শিমুলিয়া-কাওড়াকান্দি ঘাটে আটকা পরেছে বলে জানান শেখর।
একই জটিলতার কথা বলেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল।
তিনি বলেন, নদীতে তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথেও ফেরি পারাপার বিঘ্নিত হচ্ছে।
ঢাকার সঙ্গে দক্ষিণ জনপদের সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ এই নৌপথে যানবাহন পারাপারের জন্য ছোট-বড় ১৮টি ফেরি থাকলেও তার মধ্যে ছয়টি বর্তমানে বিকল রয়েছে।
তী্ব্র স্রোতের কারণে বাকি ফেরিগুলোও পারাপারে প্রায় তিন গুণ সময় নিচ্ছে বলে অনেক যানবাহন আটকে থাকছে দুই তীরে।
মহিউদ্দিন রাসেল বলেন, “গত কয়েক দিনে পানি বাড়ায় নদীতে প্রবল স্রোত দেখা দিয়েছে। স্বাভাবিক অবস্থায় পাটুরিয়া থেকে দৌলতদিয়া যেতে ৩০-৩৫ মিনিট সময় লাগে। এখন প্রবল স্রোতের কারণে দেড় ঘণ্টা সময় লাগছে। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে যাওয়ায় গাড়ির চাপ বেড়ে ঘাটে যানজটের সৃষ্টি হচ্ছে।
