কুষ্টিয়ায় ছিনতাইকৃত সয়াবিন উদ্ধার, আটক ২
নারায়ণগঞ্জ থেকে যশোর যাওয়ার পথে ছিনতাই হওয়া ২০০ কার্টন সয়াবিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি পিকআপসহ আটক হয়েছে দুইজন।
বুধবার রাত ১০টার দিকে কুমারখালীর বাসস্ট্যান্ড এলাকার একটি গুদাম থেকে তাদের আটক করা হয় বলে জানান কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান।
তবে ছিনতাই হওয়া সয়াবিন বহনকারী ট্রাক ও বাকি তেল এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।
আটককৃতরা হলেন কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার পিকাপ চালক আব্দুর রশীদ (২৫) ও সানি (৩০)।
ওসি জিয়াউর জানান, গত সোমবার নারায়ণগঞ্জ থেকে যশোর যাওয়ার পথে ফ্রেশ ব্র্যান্ডের ৯০০ কার্টন সয়াবিন তেল বোঝাই একটি ট্রাক রাজবাড়ীতে ছিনতাই হয়।
“বুধবার রাতে কুমারখালীর একটি গুদাম থেকে বিপুল পরিমাণ তেল অন্যত্র সরিয়ে নেওয়ার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারী সানি ও রশীদকে আটক করা হয়।”
বাকি তেল ও ট্রাক উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।
উদ্ধার করা প্রতি কার্টনে ২০ কেজি তেল রয়েছে বলেও তিনি জানান।
