নাটোরে ট্রাকে বাসের ধাক্কা, সহকারী নিহত
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা লাগার পর চালকের সহকারীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আট যাত্রী।
বুধবার রাত ১২টার দিকে রাজ্জাকের মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।
নিহত রুস্তম আলী (২২) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুরের এনামুল হকের ছেলে।
পরিদর্শক মামুন জানান, বুধবার রাত ১২টার দিকে ঢাকামুখী শ্যামলী পরিবহনের একটি বাস বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাকের মোড়ে একই দিকে চলমান ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।
“বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে রুস্তম আলী ঘটনাস্থলেই মারা যান।”
দুর্ঘটনায় আহত আটজন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার সকালে চলে গেছেন বলে জানান পরিদর্শক মামুন।
এ ঘটনায় একটি জিডি হয়েছে বলেও তিনি জানান।
