বগুড়ায় রেটিনা ও ফোকাস কোচিংয়ে হামলা
বগুড়ায় রেটিনা ও ফোকাস কোচিং সেন্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের রিয়াজ কাজী লেনে অবস্থিত কোচিংয়ে এ ঘটনা ঘটে বলে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলে ইলাহী জানান তিনি।
তিনি বলেন, “রাতে অজ্ঞাতরা রেটিনা ও ফোকাস কোচিং সেন্টারে অগ্নিসংযোগ ও ভাংচুর করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।”
কী কারণে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি ফজলে ইলাহী।
এছাড়া রাত ৮টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন ফোকাস কোচিং সেন্টারেও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করলেও তা নিশ্চিত করেনি আইন শৃংখলা বাহিনীর কেউ।
ঢাকার কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের সময় আহত অবস্থায় পুলিশের হাতে আটক মো. রাকিবুল হাসান ওরফে রিগান বগুড়ার জামিল নগরের রেজাউল করিমের ছেলে।
গতবছর বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তিনি বগুড়ার জলেশ্বরী এলাকায় ইসলামী ছাত্রশিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন বলে পরিবারের ভাষ্য।
