বাড়ছে পানি, দুর্ভোগে বানভাসি মানুষ
নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্ভোগ বাড়ছে বানভাসি মানুষের।
মঙ্গলবার পদ্মার পানি বেড়ে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার এবং যমুনার পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে এবং ধরলার পানি ১০২ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৮৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে তিস্তার পানি কিছুটা কমে বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফরিদপুর ও মুন্সীগঞ্জ, সিরাজগঞ্জ, কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেইসঙ্গে ভাঙনে ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়ছে বানভাসি এসব মানুষ।
ফরিদপুর
ফরিদপুরের পদ্মার পানি গত ১২ ঘণ্টায় ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার চারটি নদ-নদীর পানিও বেড়ে গেছে। ফলে নদী পাশ্ববর্তী নিম্নাঞ্চলের সাতটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী জহিরউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১২ ঘণ্টায় পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৩ সেমিন্টমিটার উপরে রয়েছে।
“পদ্মায় পানি বেড়ে যাওয়ায় মধুমতি, আড়িয়াল খাঁ, কুমার ও চন্দনা নদীর পানিও বেড়ে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া জেলার সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার সাতটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। নদী ভাঙনে ফসলি জমি ও ঘরবাড়ি হারাচ্ছে নদী পাড়ের মানুষ।”
প্লাবিত এলাকায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে এবং আউশে ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
এছাড়াও জেলা শহরের সঙ্গে যোগাযোগের সড়ক পথগুলো অধিকাংশই তলিয়ে গেছে বলে জানান তিনি।
সিরাজগঞ্জ
যমুনার পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জের পাঁচটি উপজেলার চরাঞ্চলের ২৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলসহ সিরাজগঞ্জ পৌর এলাকার বেশ কিছু এলাকা প্লাবিত হচ্ছে।
এদিকে, পানি বৃদ্ধির কারণে চৌহালী উপজেলার এনায়েতপুরে নদী ভাঙন শুরু হয়েছে। ডুবে গেছে এসব অঞ্চলের শত শত একর ফসলি জমি।
জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, বন্যা দুর্গতদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ রয়েছে। ইতোমধ্যে শাহজাদপুরে পাঁচ মেট্রিক টন চাল ও ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। কাজিপুরে ১০ মেট্রিক টন চাল ও এক লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ”
পর্যায়ক্রমে অন্যান্য বন্যা কবলিত উপজেলাগুলোতেও ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।
জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা ওয়ালি উদ্দিন জানান, সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলায় ২৮টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের কমপক্ষে চার হাজার পরিবারের ২০ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৬৮২টি বাড়িঘর আংশিক ও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইতোমধ্যে বন্যার্তরা ১৩৯টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে। পাঁচটি উপজেলায় ৬৫ মেট্রিক টন চাল এবং তিন লাখ নগদ টাকা সাহায্য দেওয়া হয়েছে বলে জানান তিনি।
কুড়িগ্রাম
কুড়িগ্রামে টানা ৯ দিনের বন্যায় মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।
মঙ্গলবার বিকাল পর্যন্ত ধরলা নদীর পানি ১০২ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৮৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়।
এছাড়া পানি বেড়ে ৯ উপজেলার ৫৫ টি ইউনিয়নের ৭১২ গ্রাম তলিয়ে গেছে। এতে পানিবন্দি হয়েছে এক লাখ ৪৬ হাজার ৭৬টি পরিবারের পাঁচ লাখ ৪৩ হাজার ৮৩ জন মানুষ। একই সঙ্গে নদী ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে পাঁচ হাজার ৬০০ পরিবার।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান জানান, গত ২৪ ঘণ্টায় চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার উপর এবং কুড়িগ্রাম সেতু পয়েন্টে ধরলা নদীর পানি ২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১০২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা বলেন, কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়ক, কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের আরডিআরএস অফিস সংলগ্ন, কুড়িগ্রাম-কালিগঞ্জ সড়কের মন্নেয়ারপাড় এলাকায় পাকা রাস্তায় পানি ওঠায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
এছাড়া কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কে তিন দিন সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জেলা বন্যা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব মোল্লা বলেন, শুধু পানিবন্দি মানুষের সংখ্যাই পাঁচ লাখ ৪৩ হাজার ৮৩ জন। এছাড়াও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ হাজার ৭৭৫ জন।
পাশাপাশি ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ এবং ১৫৭টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, ২৪৪টি বন্যা কবলিত স্কুলের মধ্যে ১৮৮টিতে পাঠদান বন্ধ রয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে ৯টি স্কুল। ভাঙনের মুখে রয়েছে আরও ১১টি শিক্ষা প্রতিষ্ঠান।
জেলা ত্রাণ কর্মকর্তা আব্দুল মোত্তালিব জানান, এ পর্যন্ত ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া প্রাপ্ত আট ৮ লাখ মধ্যে সাত লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। প্রাপ্ত এক হাজার প্যাকেট শুকনো খাবার বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের পদ্মার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
মঙ্গলবার নিম্নাঞ্চলের আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে বহু পরিবার। পদ্মা তীরের নিচু বাড়িঘরগুলোতে এখন পানি উঠেছে। চর এলাকারও বহু বাড়িঘরে এখন বানের পানি।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, পদ্মার ভাগ্যকূলে পয়েন্টে গত ২৪ ঘণ্টায় আরও ৪ সেন্টিমিটার পানি বেড়েছে। মাওয়া পয়েন্টে ৩ সেন্টিমিটার পানি বেড়ে এখন বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
এতে লৌহজং, শ্রীনগর এবং টঙ্গীবাড়ি উপজেলার সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়েছে। অনেক লিঙ্ক রোড তলিয়ে গেছে।
প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
লালমনিরহাট
লালমনিরহাটে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আস্তে-আস্তে পানি নামতে শুরু করলেও কষ্ট কমেনি বানভাসিদের।
গোটা জেলায় এখনও প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি ও ভাঙনের শিকার হয়েছে এক হাজারের বেশি পরিবার। ক্ষতিগ্রস্ত এসব মানুষের মাঝে পর্যাপ্ত ত্রাণ পৌঁছছে না বলে অভিযোগ উঠেছে।
শুকনা খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে।
তিস্তার ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর হমান জানান, মঙ্গলবার বিকেলে ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। ব্যারাজের ৪৪ টি গেইটই খুলে দিয়ে পানির গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট ও পাটগ্রামের জোংড়ায় ধরলার নদীর ওয়াপদা বাঁধ ভেঙে পানিবন্দি হয়ে পড়েছে সহস্রাধিক পরিবার।
ক্ষতিগ্রস্তদের মাঝে ইতোমধ্যে তিনশ মেট্রিকটন চাল, ৭৫০ প্যাকেট শুকনো খাবার ও নগদ ছয় লাখ টাকা বিতরণ করা হয়েছে বলে লালমনিরহাট জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা একেএম ইদ্রিস আলী জানান।
