স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
টাঙ্গাইলে যৌতুকের দাবিতে তিন বছর আগে স্ত্রী হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে আদালত পুলিশের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান।
দণ্ডিত মো. ছোরহাব হোসেন গোপালপুর উপজেলার মাদারজানী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তিন আসামিকে খালাস দিয়েছে বলে আনোয়ারুল জানান।
মামলার নথির বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আনোয়ারুল জানান, ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে ২০১৩ সালের ২৮ অক্টোবর রাতে স্ত্রী চম্পা বেগমকে নির্যাতন করে হত্যা করে ছোরহাব। এ ঘটনায় পরের দিন চম্পার ভাই বাদী হয়ে চার জনকে আসামি করে গোপালপুর থানায় একটি মামলা করেন।
