২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক বহনের দায়ে দুই যুবকের ২৫ বছরের কারাদণ্ড

চাঁদপুরে মাদক বহনের দায়ে দুই যুবককে ২৫ বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 07:43 PM

Updated : 20 Aug 2022, 01:17 PM

মঙ্গলবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি সাইয়েদুল ইসলাম বাবু জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল এলাকার ফারুক হোসেন (৩৫) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে সাদ্দাম হোসেন (২৬)।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১০ সালের ১৫ মে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২৬ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ ফারুককে এবং ২৩ বোতল ফেন্সিডিল ও তিন কেজি ১০০ গ্রাম গাঁজাসহ সাদ্দামকে আটক করে  গোয়েন্দা পুলিশ।

“ওই দিন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর মডেল থানায় মামলা হয়। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মামুনুর রশিদ সরকার ২০১০ সালের ২৬ জুন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।”