সুনামগঞ্জে পানিতে নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার
সুনামগঞ্জে বন্যা ও হাওরের পানিতে নিখোঁজের দুইদিন পর তিন শিশুসহ চার জনের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলাবর দুপুরে জেলা সদরে একজন, ধর্মপাশায় একজন ও ছাতকে দুই জনের লাশ উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানান।
মৃতরা হলেন- সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকার আলমাছ আলীর ছেলে সরবত আলী (১৩), ছাতকের গোয়াগাও গ্রামের কামরুজ্জামানের ছেলে তৌহিদুজ্জামান রাসান (১১), বদরুজ্জামান খসরুর ছেলে হামিদুজ্জামান আবিদ (১৪) এবং ধরমপাশা উপজেলার মলয়শ্রী গ্রামের জেলে লনী দাস (৫০)।
মৃতদের মধ্যে তিন জন বন্যার পানিতে ও একজন হাওরে মাছ ধরতে গিয়ে রোববার নিঁখোজ হয়েছিলেন বলে পুলিশ জানায়।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী বলে, সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার বন্যার পানিতে ডুবে সরবত আলী নিখোঁজ হন। মঙ্গলবার নবীনগরের পার্শবর্তী মাইজবাড়ি গ্রামের বন্যার পানিতে ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, সকালে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ লনী দাসের লাশ স্থানীয় লোকজন উদ্ধার করে।
ছাতক থানার ওসি আশিক সুজা মামুন জানান, বাড়ির পাশে বন্যার পানিতে খেলতে গিয়ে নিখোঁজ হওয়া তৌহিদুজ্জামান ও বদরুজ্জামানের লাশ বাড়ির পাশের হাওর থেকে স্থানীয়রা উদ্ধার করেছে।
উদ্ধারকৃত লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
