রাজশাহীতে গাড়ি উল্টে আহত ৩ পুলিশ
রাজশাহী নগরীতে পিকআপ ভ্যান উল্টে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে টহল চলাকালে আলিফ-লাম-মীম ভাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শাহ মখদুম থানার ওসি আবদুর রউফ।
আহতরা হলেন শাহ মখদুম থানার এএসআই তাজবির হোসেন, কনস্টেবল নরেন্দ্র সিং ও গাড়ি চালক রেজাউল ইসলাম।
এর মধ্যে রেজাউল ইসলামকে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসাপাতালে ও অপর দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি রউফ বলেন, সকালে টহলরত পুলিশের পিকআপ ভ্যানটি আলিফ-লাম-মীম ভাটা সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়।
কনস্টেবল নরেন্দ্র সিংয়ের চোখে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে বলে জানান তিনি।
