বন্যায় বগুড়ার ৭৩ স্কুলে পাঠদান বন্ধ
বগুড়ায় যমুনার পানি বেড়ে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার বিভিন্ন জনপদ প্লাবিত হয়ে ৭৩টি স্কুলের পাঠদান বন্ধ রয়েছে।
স্কুলগুলোতে গত তিন দিন ধরে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলার চন্দনবাইশা , কুতুবপুর, বোহাইল, কাজলা, মথুরাপুরসহ বিভিন্ন ইউনিয়নে ৫২টি প্রাথমিক বিদ্যালয় বন্যার পানি প্রবেশ করেছে।
“তবে আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা না করে উঁচু জায়গায় ম্যানেজিং কমিটির মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হলে রাস্তা ডুবে যাওয়ায় ছাত্র-ছাত্রীরা স্কুলে আসতে পারছে না। ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।”
ধুনট উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বলেন, উপজেলার পুকুরিয়া, সহরাবাড়ি, বৈশাখী, আটাচর, রাধা নগর, কৈয়াগাড়ি ও শিমুলবাড়িসহ আটটি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি ঢুকে পড়ায় শ্রেণি পাঠ বন্ধ রয়েছে।
একই সমস্যার কথা জানিয়ে সোনাতলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম বলেন, উপজেলার ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি ঢুকেছে।
তবে পানিবন্দি হয়ে পড়া এসব এলাকার অনেক শিক্ষার্থী পিইসি পরীক্ষার্থী হওয়ায় দুশ্চিন্তা বেড়েছে অভিভাবকদের। এদিকে নিরাপত্তার কথা ভেবে তারা ছেলেমেয়েদের স্কুলেও পাঠাতে পারছেন না।
কুতুবপুর গ্রামের আব্দুস সামাদ নামে এক অভিভাবক বলেন, “বন্যায় প্রতিবছরই পানিতে ডুবে এলাকার অনেক শিশু মারা যায়। তাই বন্যার পানিতে রাস্তা ডুবে যাওয়ায় এবং বিদ্যালয়ে পানি উঠায় শিশুদের বিদ্যালয়ে যেতে দেওয়া হচ্ছে না।”
ধুনটের শহরাবাড়ি গ্রামের হযরত আলী বলেন, আগামী ২০ নভেম্বর পিইসি পরীক্ষা। এ সময় ছেলে মেয়েরা স্কুলে যেতে না পারায় তাদের পড়া লেখার ক্ষতি হচ্ছে।
“এমনকি বাড়িতে পানি উঠায় ছাত্র-ছাত্রীরা বাড়িতে পড়ালেখাও করতে পারছে না। ফলে পিইসি পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।”
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমীন জানান, যমুনার পানি বিপদ সীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার বিভিন্ন জনপদ প্লাবিত হয়েছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নতুন নতুন জনপদ প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন তিনি।
