সিরাজগঞ্জে আটক ৪ নারী ‘জঙ্গির’ রিমান্ডের আবেদন
সিরাজগঞ্জে আটক সন্দেহভাজন চার নারী জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
সোমবার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোর্শেদ আলমের আদালতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে বলে জানান ওসি ওহেদুজ্জামান।
গোয়েন্দা পুলিশের ওই আবেদন শুনানির জন্য বিচারক আগামী ২৭ জুলাই দিন রেখেছেন বলে জানান তিনি।
রোববার ভোরে সিরাজগঞ্জ শহরের মাছুমপুর মহল্লা উত্তরপাড়া থেকে ছয়টি হাতবোমা, গ্রেনেডের চারটি খোল, নয়টি জিহাদি বই, ডেটোনেটর, সুইচ ও বোমা তৈরির সরঞ্জামসহ চার নারীকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে আটক চার নারী জেএমবি সদস্যদের বিরুদ্ধে সদর থানায় বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে দুটি পৃথক মামলা করেছি।
সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। সঙ্গে থাকা দেড় থেকে তিন বছর বয়সী চারটি শিশুকেও তাদের মায়ের জিম্মায় কারাগারে রাখতে আদালত নির্দেশ দেয় বলে জানান তিনি।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ মামলা দুটির তদন্ত করবেন বলে জানান তিনি।
এরা হলেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিয়া তাবাসুম রানী (৩০), বগুড়ার শাহজানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকট গ্রামের খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (২২), একই উপজেলার পরানবাড়িয়া গ্রামের মামরুল ইসলাম সরদারের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১) ও গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার পোচাদহ গ্রামের সুজন আহম্মেদ বিজয়ের স্ত্রী রুনা খাতুন (১৯)।
