২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে তালায় ছাত্রদলের সুপার গ্লু

অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডাকা ধর্মঘটের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের অফিস ও শ্রেণিকক্ষের তালায় সুপার গ্লু লাগিয়ে দিয়েছে ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2016, 05:43 PM

Updated : 11 Oct 2022, 08:32 PM

রোববার সকালে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে তালা খুলতে গেলে বিষয়টি নজরে আসে। 

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্ভবত গতকাল রাতে কেউ বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের ও পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের তালায় সুপার গ্লু লাগিয়েছে।

পরে নিরাপত্তা কর্মীদের সহায়তায় তালাগুলো কেটে ফেলা হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদে খোঁজ নিয়ে জানা যায়, জীববিজ্ঞান অনুষদ, কলা ও মানবিক অনুষদ এবং সমাজবিজ্ঞান অনুষদের মোট ১০টি বিভাগের অফিস ও শ্রেণিকক্ষে এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের তলায় সুপার গ্লু লাগান ছাত্রদলের নেতাকর্মীরা।

তালায় সুপার গ্লু লাগানোর বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারেক রহমানকে রাজনীতি থেকে সরাতে দেওয়া রায় সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয়নি। এ কারণে তারা ধর্মঘটের সমর্থনে বিভিন্ন বিভাগের কক্ষগুলোতে তালায় সুপার গ্লু লাগিয়ে দিয়েছে।”

এ বিষয়ে প্রক্টর তপন কুমার সাহা বলেন, “কারা তালায় সুপার গ্লু লাগিয়েছে জানি না। তবে যদি কোনো ছাত্র করে থাকে আর তা নিশ্চিত হওয়া যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

মুদ্রা পাচার মামলায় বৃহস্পতিবার নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে তারেককে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দেয় হাই কোর্ট।