২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিয়া মসজিদে হামলার পরিকল্পনার অভিযোগে আটক ২

নীলফামারীর সৈয়দপুরে শিয়া মসজিদে হামলার পরিকল্পনাসহ কয়েকটি অভিযোগে সন্দেহভাজন দুই জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2016, 04:38 PM

Updated : 20 Aug 2022, 01:17 PM

শনিবার নীলফামারী ও পঞ্চগড় থেকে এ দুজনকে আটক করা হয় বলে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে।

এরা হলেন- দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে এক্রামুল হক (৫০) এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খুটামারা এলাকার মৃত নূর আলম প্রধানের ছেলে নূর মোহাম্মদ আরেফিন (২৮)।

নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের ওসি বাবুল আকতার বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারী সদরের সোনামারা ইউনিয়নের চাকলা কাজীরহাট বাজার থেকে এক্রামুল হককে আটক করা হয়।

পরে তাকে নিয়ে শনিবার দিনে ও রাতে নীলফামারী ও পঞ্চগড়ের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ বাজার থেকে নূর মোহাম্মদ আরেফিনকে আটক করা হয় বলে জানান বাবুল আকতার।

“এক্রামুল হক গত বছরের অক্টোবরে সৈয়দপুর শহরে তাজিয়া মিছিলে ও শিয়া মসজিদে হামলার পরিকল্পনা করেছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”

বাবুল আকতার বলেন, গত বছরের ২৪ অক্টোবর তারা সৈয়দপুরে তাজিয়া মিছিলে হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু পুলিশের উপস্থিতিতে ব্যর্থ হওয়ার ভয়ে তারা হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে যায়।

“এর এক সপ্তাহ পর ৩০ অক্টোবর তারা সৈয়দপুর শিয়া সমজিদে হামলার হামলার পরিকল্পনা করে। কিন্তু সেবারও পুলিশের তৎপরতার কারণে তা সম্ভব হয়নি।”

নূর মোহাম্মদ আরেফিন সম্পর্কে বাবুল আকতার বলেন, তিনি বিভিন্ন স্থান থেকে জেএমবি কমান্ডার এলাকায় এলে তাদের জায়গামতো পৌঁছে দিতেন। এছাড়া জেএমবি সদস্যদের আশ্রয় দিতেন। জেএমবির বিভিন্ন অপারেশনে অংশও নিতেন।

বাবুল জানান, এ ঘটনায় শনিবার রাতে এক্রামসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ১৫/১৬ জনকে আসামি করে সৈয়দপুর থানার এসআই নজরুল ইসলাম একটি মামলা করেছেন।