নড়াইলে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত
নড়াইলের নড়াগাতি থানায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাতের’ মৃত্যু হয়েছে।
শনিবার রাত ৩টার দিকে পহরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান নড়াগাতির ওসি মাহবুবুর রহমান।
নিহত মিজান (৩৪) নড়াগাতি থানার বাগুডাঙ্গা গ্রামের রতন কাজীর ছেলে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি মিজানকে শনিবার রাতে গোপালগঞ্জ জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয়।
“সেখান থেকে নড়াগাতি আনার পথে পহরডাঙ্গার বালুমাঠ এলাকায় তার সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে মিজান মারা যায়।”
এ সময় ঘটনাস্থল থেকে একটি শাটার গান, চার রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয় বলে তিনি জানান।
মিজানের নামে নড়াগাতি থানায় ছয়টি ডাকাতি মামলাসহ বাগেরহাটের মোল্লারহাট থানা ও গোপালগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি মাহবুবুর।
