পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বেনাপোলের পুটখালী সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার ভোর রাতে ভারতের আংরাইল এলাকায় ঘটনাটি ঘটে বলে পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার শামসুল হক জানিয়েছেন।
নিহত শহিদুল ইসলাম ফনে (৩৫) পুটখালী গ্রামের সাফেদ আলীর ছেলে।
সুবেদার শামসুল হক বলেন, পুটখালী সীমান্তের ১৭ নম্বর মেইন পিলারের ১২৬ নম্বর আরসি পিলারের কাছে ইছামতি নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়।
“পরে বিষয়টি বেনাপোল পোর্ট থানা পুলিশকে জানানোর পর তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।”
নিহত শহিদুলের পরিবারের বরাত দিয়ে শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে আট-দশ জনের একটি চোরাকারবারীর দল ভারতে যায়।
“শনিবার ভোরে বাংলাদেশে ফেরার সময় আংরাইল বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ফনি মারা গেলে তার লাশ বিএসএফ ইছামতি নদীতে ভাসিয়ে দেয়।”
বিজিবির ২১ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বলেন, বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য পোর্ট থানা পুলিশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।
