২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি তৎপরতায় যুদ্ধাপরাধ বিচারে বাধাদানকারীরাই: তোফায়েল

যারা যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিয়েছিল তারাই বিভিন্ন নামে দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2016, 10:43 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাস ফিল্ডের ৪ নম্বর কূপের ওয়ার্কওভার কাজের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।

মন্ত্রী বলেন, “আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে জঙ্গি অপ-তৎপরতা মোকাবেলা করছে। ইতিমধ্যে জঙ্গি ইন্ধনদাতাদের চিহ্নিত করতেও সক্ষম হচ্ছে।”

একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে যেভাবে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা হয়েছিল, তেমনি তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বেও প্রত্যেক ঘরে ঘরে সন্ত্রাসবিরোধী দুর্গ গরে তোলার আহ্বান জানান মন্ত্রী।

কেনিয়া সফরের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “কেনিয়ার লোকসংখ্যা আমাদের ৪ ভাগের ১ ভাগ, তাদের ভৌগলিক সীমারেখা আমাদের চার গুণ। অথচ এ বছর কেনিয়ার রপ্তানি হয়েছে ৬ বিলিয়ন ডলার, আর আমাদের হয়েছে ৩৪ বিলিয়ন ডলার।”

বিশ্বে শেখ হাসিনার নেতৃত্ব প্রসংশিত হচ্ছে মন্তব্য করে তোফায়েল বলেন, বিশ্ব নেতারা সবাই প্রধানমন্ত্রীর পাশে আছেন।

মন্ত্রী ভোলাকে একটি অপার সম্ভবনাসময় জেলা উল্লেখ করে বলেন, এখানে পর্যাপ্ত গ্যাসের মজুদ রয়েছে। ইতিমধ্যে ৪টি কূপের খনন শেষ হয়েছে। আরো দুইটি কূপ খনন করা হবে, যা থেকে ভোলা হবে একটি শিল্প নগরী।

এতে জেলার বেকারত্ব দূর হয়ে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহম্মেদ, বাপেক্স ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামান প্রমুখ।

পরে মন্ত্রী উপজেলার টবগী ইউনিয়নের মুন্সীর হাট ও জেলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের ৫ ও ৬ নম্বর গ্যাস কূপের স্থান পরিদর্শন করেন।

গত ১ জুলাই রাতে একদল জঙ্গি গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঢুকে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। পরদিন সকালে কমান্ডো অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেওয়ার পর ছয় হামলাকারী নিহত হওয়ার তথ্য জানায়।

এরপর ৭ জুলাই ঈদুল ফিতরের দিন সকালে শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতের আড়াইশ মিটারের মধ্যে এক পুলিশ চেকপোস্টে কয়েকজন হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটালে দুই পুলিশ নিহত হন।

ওই সময় গোলাগুলি শুরু হলে এক হামলাকারী আাবির নিহত হন; পরে পুলিশ ও হামলাকারীদের গোলাগুলিতে এক গৃহবধূর মুত্যু হয়।