২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়ায় পদ্মায় ভাঙন

উজানের ঢলে পদ্মার নদীর পানি বেড়ে রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়ায় ভাঙন শুরু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2016, 04:42 PM

Updated : 20 Aug 2022, 01:16 PM

গত এক সপ্তাহে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার বেশ কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি পাড় ভাঙনের ফলে দৌলতদিয়ার চারটি ফেরি ঘাটের মধ্যে দুটি হুমকির মুখে রয়েছে।

গোয়ালন্দ উপজেলার নদী তীরবর্তী সিদ্দিক কাজী এবং সাত্তার মেম্বারের পাড়া গ্রামের ২৫টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল জানান। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,“ক্ষতিগ্রস্ত লোকজনের ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা আশপাশের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছেন।”   

এদিকে ভাঙনের মুখে থাকা দৌলতদিয়ার দুটি ফেরি ঘাট দিয়ে যান চলাচল অব্যাহত রয়েছে। তবে শুক্রবার নদীর স্রোতে ফেরি চলাচলে ধীর গতিতে ঘাটে গাড়ি আটকা পড়ে জট তৈরি হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, “ভাঙনে ২ এবং ৪ নম্বর ফেরি ঘাট হুমকির মধ্যে রয়েছে। তবে চারটি ঘাট দিয়ে এখনও স্বাভাবিক যান পারাপার অব্যাহত রয়েছে।

তবে নদীতে তীব্র স্রোত থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি পারাপারে সময় বেশি লাগায় ট্রিপের সংখ্যা কমে গেছে। এ কারণে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধ শতাধিক যাত্রীবাহী বাস এবং ২ শতাধিক মালবাহী ট্রাক আটকা পড়েছে বলে জানান তিনি।

রাজবাড়ী ১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, বিআইডব্লিউটি চেয়ারম্যান এআর কমোডর মোজাম্মেল হোসেন ও জেলা  প্রশাসক দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করেন।