লেগুনাচাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ-ভাংচুর
গাজীপুরে লেগুনা চাপায় একটি পোশাক কারখানার এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সিটি করপারেশনের ইটাহাটা এলাকায় কোস্ট টু কোস্ট কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আরিফ হোসেন খান জানান।
নিহত ইসমত আরা (২৫) ওই কারখানার সুয়িং অপারেটর ছিলেন। তিনি রংপুরের গঙ্গাচড়া এলাকার হাসান মিয়ার স্ত্রী।
দুর্ঘটনার পর ওই কারখানার শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখে ও গাড়ি ভাংচুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, “দুপুরের কারখানায় যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন ইসমত। এ সময় কোনাবাড়ি থেকে চান্দনা-চৌরাস্তাগামী একটি লেগুনা চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বেলা সাড়ে ৩টার দিকে গাড়ি চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
