খুলনায় জোড়া খুনের মামলায় ১০ চরমপন্থির যাবজ্জীবন
খুলনায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলা বিপ্লবী কমিউনিস্ট পার্টির দুই আঞ্চলিক নেতা শৈয়েবুর রহমান ঢালী ও তার ভাই আতিয়ার রহমান ঢালীকে হত্যার ঘটনায় ১০ চরমপন্থিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আল-মামুন এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এম সাজ্জাদ আলী জানান।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির প্রধান আব্দুর রশীদ, দলের সদস্য মো. সাঈদ ওরফে কালা সাঈদ ও মোকাইম মোল্লা বিচার চলাকালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
বাকি আসামিদের মধ্যে এসকেন মোল্লা, মনিরুল মোল্লা, আব্দুর রহিম মোল্লা, কাওছার মোল্লা ও সোবহান রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। আর হারুন শেখ ও মিজান শেখ পলাতক।
রায়ে দশ আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে সাজ্জাদ আলী জানান।
মামলার নথিতে বলা হয়েছে, ২০০২ সালের ১৫ এপ্রিল রাতে খুলনার রূপসা উপজেলার দুর্জনীমহল গ্রামের শহীদের মোড়ে শৈয়েবুর ঢালী ও তার ভাই আতিয়ার ঢালীসহ ১৫/২০জন দাঁড়িয়ে চা পান করছিলেন।
এ সময় প্রতিপক্ষ দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) প্রধান আব্দুর রশীদসহ ৪০-৫০জন সন্ত্রাসী তদের ঘিরে ফেলে এলোপাতাড়ি গুলি করে। এতে শৈয়েবুর ও আতিয়ার নিহত হন। আহত হন বেশ কয়েকজন।
এ ঘটনার পর শৈয়েবুরের স্ত্রী মোসাম্মৎ নাজমা বেগম ২২ জনের নাম উল্লেখ করে এবং আর ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে রূপসা থানায় মামলা করেন। তদন্ত শেষে রূপসা থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান ৪১জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
আদালতের পর্যবেক্ষণ থেকে উদ্ধৃত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজ্জাদ আলী বলেন, দণ্ডিত তিন মৃত আসামির মধ্যে আব্দুর রশীদ ওই দলের নেতা এবং সাঈদ ওরফে কালা সাঈদ ও মোকাইম মোল্লা প্রথম সারির নেতা।
“আব্দুর রশীদের নেতৃত্বে এবং কালা সাঈদ ও মোকাইম মোল্লার সহযোগিতায় জোড়া খুনের মত অপরাধ সংঘটিত হয়। সে কারণে তাদেরও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।”
তবে ওই তিনজন মারা যাওয়ায় তাদের দণ্ড কার্যকর হবে না বলে আদালত রায়ে উল্লেখ করেছে।
