২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাঘের হাড়সহ দুই শিকারি আটক

খুলনার পাইকগাছা উপজেলায় ১৫ টুকরো বাঘের হাড়সহ দুই শিকারিকে আটক করেছে র‌্যাব।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 02:21 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

বুধবার রাতে উপজেলার বেতবুনয়িা ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-৬-এর খুলনার স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান।

আটককৃতরা হলেন জেলার কয়রা উপজেলার ভাগবা গ্রামের ওয়াজেদ গাজীর ছেলে গোলাম রসুল (৪৫) ও পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের মোক্তার গাজীর ছেলে খলিল (৩২)।

র‌্যাব কর্মকর্তা এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরা শিকারি রসুল ও খলিলকে আটক করা হয়।

“পরে তাদের ব্যাগ থেকে ছোট-বড় ১৫ টুকরো বাঘের হাড় উদ্ধার করা হয়েছে। তারা ফাঁদ পেতে, গুলি করে ও বিষটোপ দিয়ে সুন্দরবনের বাঘ ও হরিণ শিকার করার কথা স্বীকার করেছে।”

আটককৃতরা বাঘের চামড়া ও হাড় বিদেশে পাচারের সঙ্গে জড়িত বলে জানান র‌্যাব কর্মকর্তা।