২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিখোঁজ’ তরুণী ফেরার পর নতুন জটিলতা

মুন্সিগঞ্জের বাড়ি পালানো এক কলেজ ছাত্রী জঙ্গিবাদে জড়িয়েছেন সন্দেহে সংবাদমাধ্যমে খবর আসার পর থানায় উপস্থিত হয়ে সেই তরুণী জানিয়েছেন, তিনি শুধু পালিয়ে বিয়ে করেছেন, অন্য কিছু নয়। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2016, 06:01 PM

Updated : 12 Apr 2022, 02:29 AM

কিন্তু বাবা-মায়ের কাছে ফিরতে রাজি না হওয়ায় এবং বিয়ের কাবিননামা দেখাতে না পারায় বুধবার তাকে আদালতের মাধ্যমে নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়েছে বলে শ্রীনগর থানার ওসি সাহিদুর রহমান জানিয়েছেন।

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর শিক্ষিত তরুণ-তরুণীদের জঙ্গিবাদে সংশ্লিষ্টতার খবরে আসতে থাকায় গত ১০ জুলাই শ্রীনগর থানায় জিডি করেন শ্রীনগরের একটি কলেজের একাদশ শ্রেণির ওই ছাত্রীর মা। তিনি বলেন, ১৯ জুনের পর থেকে তার মেয়ে আর বাড়ি ফেরেনি।

ওই জিডির ভিত্তিতে কয়েকটি টেলিভিশন চ্যানেল খবরও প্রচার করে, যাতে বলা হয়, মেয়েটি জঙ্গিবাদে জড়িয়েছে বলে পরিবার সন্দেহ করছে।

সেই খবর দেখেই মেয়েটি জটিলতা সৃষ্টির বিষয়টি জানতে পারেন এবং মঙ্গলবার বিকালে নিজেই শ্রীনগর থানায় হাজির হন।

ওসি সাহিদুর রহমান বলেন, ওই তরুণী জঙ্গি সংশ্লিষ্টতার খবর ভিত্তিহীন বলে দাবি করেন এবং তার এক সাবেক শিক্ষককে বিয়ে করার কথা জানান।

জিডি করার পর ওই কলেজছাত্রীর বাবা পুলিশকে বলেছিলেন, তার মেয়ে নিখোঁজ হওয়ার কিছুদিন আগে বাড়িতে ধর্মীয় বই-পুস্তক আনা এবং বোরখা পরা শুরু করে।

এরপর পুলিশ তাদের বাসা থেকে দুটি ধর্মীয় বই উদ্ধার করলেও সেগুলো ‘সাধারণ বই’ ছিল বলে সহকারী পুলিশ সুপার মো. সামসুজ্জামান বাবুর ভাষ্য।

তিনি বলেন, মেয়েটি তার পরিবারের লোকজনকে ফোনে জানায়, সে ‘পবিত্র স্থানে’ রয়েছে এবং ‘ভালো’ আছে। তাকে যেন খোঁজাখুঁজি করা না হয়। তার ওই কথায় সন্দেহ হলে পরিবারের কাছে পাওয়া একটি ছবির সূত্র ধরে তদন্তে নামে পুলিশ।

ছবিতে দাড়িওয়ালা এক যুবকের সঙ্গে ওই তরুণী ও তার দুই বান্ধবীকে দেখা যায়। ৩৫ বছর বয়সী ওই যুবক একসময় শ্রীনগরের এক শিক্ষা প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। আর মেয়েটি তখন ছিলেন এসএসসি পরীক্ষার্থী।

ওই সময় তিন মাস মেয়েটির ‘গাইড’ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে সেই যুবক প্রেমের সম্পর্কে জড়ান। পরে শিক্ষকতা ছেড়ে ঢাকার গুলশানের এক প্রতিষ্ঠানে চাকরি নিলেও মেয়েটির সঙ্গে তার সম্পর্ক বজায় থাকে এবং কয়েক মাস আগে তারা বিয়ে করেন বলে দুজনের ভাষ্য।

সহকারী পুলিশ সুপার বাবু বলেন, ওই যুবক যে প্রতিষ্ঠানে চাকরি করেন, পুলিশের পক্ষ থেকে সেখানে যোগাযোগ করা হলে মঙ্গলবার একটি গাড়িতে করে কয়েকজন সহকর্মীকে নিয়ে তিনি শ্রীনগর থানায় আসেন। তবে তার আধা ঘণ্টা আগেই মেয়েটি থানায় হাজির হয়ে পালিয়ে বিয়ে করার কথা জানান এবং কাউকে হয়রানি না করার অনুরোধ করেন।

ওসি সাহিদুর বলেন, “এক মাস কোথায় ছিল তা নিয়ে মেয়েটি প্রথমে সামঞ্জস্যহীন কথা বললেও পরে আর জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহ করার কোনো কারণ পাওয়া যায়নি।”

পুলিশের সন্দেহ ঘুঁচলেও দুই পক্ষের অনঢ় অবস্থানের কারণে সৃষ্টি হয় নতুন জটিলতা।  

ওসি জানান, বাবা-মা মেয়েকে ফিরিয়ে নিতে চাইলেও তার স্বামীকে মানতে রাজি নন। আবার মেয়েটিও ওই অবস্থায় বাবা-মায়ের কাছে ফিরতে রাজি নয়।

“বাবা-মায়ের করা জিডির তথ্য অনুযায়ী মেয়েটির বয়স ১৮ বছর। সে বিয়ের কথা বললেও কাবিননামা দেখাতে পারেনি। ফলে মেয়েটিকে আমরা তার কথিত স্বামীর কাছেও দিতে পারিনি।”

এই অবস্থায় ওই তরুণীকে নিরাপত্তা হেফাজতে নিতে বুধবার দুপুরে মুন্সীগঞ্জের আদালতে হাজির করা হয়।

বিচারিক হাকিম উমা রানী দাস পুলিশের বক্তব্য শুনে মেয়েটিকে নিরাপত্তা হেফাজতে রাখতে নির্দেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক আবুল কালাম জানান।

ওসি সাহিদুর বলেন, মেয়েটির কথিত স্বামীর বিরুদ্ধে যেহেতু কোনো অভিযোগ নেই, সেহেতু পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।