২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চার মামলার আসামি শিবির নেতা গ্রেপ্তার

নাশকতা ও বিস্ফোরক মামলার আসামি ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2016, 04:43 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

গ্রেপ্তার শেখ এনামুল কবির (৩৩) শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক। 

বুধবার দুপুরে কচুয়া উপজেলার সদর ইউনিয়নের আড়িয়ামর্দন গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কচুয়া থানার এসআই মো. হুমায়ুন কবির জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এনামুলের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের সদর থানায় নাশকতা, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। সে পুলিশের প্রথম সারির তালিকাভুক্ত সন্ত্রাসী।

“সম্প্রতি ঢাকা ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম থেকে আত্মগোপনে চলে যান এনামুল। মাঝে মাঝে কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি আসতেন তিনি।”

এসআই বলেন, “এনামুলের বাড়ি আসার গোপন তথ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তার কাছ থেকে কোনো আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।”

তাকে কচুয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

এনামুল আড়িয়ামর্দন গ্রামের মো. আইয়ুব আলী শেখের ছেলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে ইংরেজি বিভাগ থেকে তিনি মাস্টার্স পাশ করেন বলে জানান এসআই।