চুরির অভিযোগে ‘সাংসদের ভাইয়ের পিটুনিতে’ যুবকের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে; যাকে চুরির অভিযোগ তুলে স্থানীয় সাংসদের ভাই ও তার লোকজন পিটিয়েছে বলে অভিযোগে উঠেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার তারাগুনিয়া ডাক বাংলো চত্বর থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে দৌলতপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান।
নিহত হাসান (২৩) সোনাইকুণ্ডি পশ্চিমপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় সাংসদ রেজাউল হক চৌধুরীর ছোট ভাই মিন্টু চৌধুরী ও তার লোকজন চুরির অভিযোগে তুলে সকাল ১০টার দিকে হাসানকে ধরে পিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে।
“হাসানের শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ তাকে ১১ টার দিকে চিকিৎসার জন্য দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি না করে ফেরত পাঠায়।”
তিনি আরও বলেন, “অবস্থা বেগতিক দেখে পুলিশ হাসানকে ছেড়ে দেয়। পরে বেলা সাড়ে ৩টার দিকে এক ভ্যান চালক হাসানকে তারাগুনিয়া ডাক বাংলো চত্বরে ফেলে রেখে যায়।”
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকে তরিকুল ইসলাম বলেন, “গুরুতর আহত অবস্থায় হাসানকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন ও পায়ে ব্যান্ডেজ ছিল। পরে তাকে উন্নত চিকিৎসার অন্যত্র নিয়ে যেতে বলা হয়।”
ওসি জানান, হাসান মাদক সেবন ও চুরি করতো। সকালে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে দেয়। অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও পাঠাতে বলেন।
তবে হাসানের বিরুদ্ধে কেউ অভিযোগ না করায় স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। তবে ওই সদস্যের নাম জানাননি ওসি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে মিন্টু চৌধুরী বলেন, “স্থানীয়রা তাকে ধরে পিটুনি দিয়ে সকালে আমার বাড়ির সামনে নিয়ে আসলে আমি পুলিশের হাতে তুলে দেই। আমি কোনো মারধর করিনি।”
লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
