জঙ্গি কার্যক্রম চালাচ্ছে জামায়াত-শিবির: ডিআইজি
আনসারউল্লাহ বাংলা টিম, জেএমবি ও হিজবুত তাহরীরের নামে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির জঙ্গি কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান।
মঙ্গলবার দুপুরে খুলনা নগরীর বয়রায় নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ২০১৩-১৪ সালে যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে তারাই জঙ্গিবাদের সঙ্গে জড়িত।
“জঙ্গিবাদকে পুলিশ কোনো ক্রাইসিস মনে করে না। এটি পুলিশের জন্য চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করে জঙ্গিবাদের মূল উৎপাটন করা হবে।”
ঝিনাইদহে পুরোহিত হত্যাসহ চারটি ঘটনার তদন্ত এবং গ্রেপ্তারদের আদালতে দেওয়া স্বীকারোক্তিতে জামায়াত-শিবির জড়িত থাকার তথ্য বেরিয়ে এসেছে বলে তার দাবি।
ঝিনাইদহের হত্যাকাণ্ডে কোথা থেকে অস্ত্র এসেছে, কারা নির্দেশ দিয়েছে তার সবকিছুই উদঘাটিত হয়েছে বলেও তিনি দাবি করেন।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব, র্যাব-৬ খুলনার পরিচালক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম, খুলনার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রমুখ।
