যশোরে চিকিৎসক হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড
যশোরের আলোচিত চিকিৎসক শফিক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার যশোরের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় দেন।
দণ্ডিতরা হলেন যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার রজব আলীর ছেলে আশিকুর রহমান বাবলু (৪০) ও একই এলাকার মিরাতুল হকের ছেলে সাইফুল ইসলাম জাকির (৩৬)।
রায় ঘোষণার সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২৯ জুলাই শহরের জেস ক্লিনিকের মালিক চিকিৎসক শফিকুল ইসলামকে কুপিয়ে জখম করার পর ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এপিপি এস এম বদরুজ্জামান পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পরদিন শফিকের বাবা আব্দুস সালাম ধাবক বাদী হয়ে চারজনের নামে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি যশোর নিউটাউন এলাকার রাব্বু ওরফে মুরসালিন ও ঘোপ নওয়াপাড়া রোড এলাকার মো. রায়হানকে আদালত খালাস দিয়েছে বলে জানান এপিপি পলাশ।
