২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুহাশপল্লীতে হুমায়ূন স্মরণে নানা আয়োজন

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর সদরের পিরোজ আলী গ্রামে নুহাশপল্লীতে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 09:21 AM

Updated : 11 Oct 2022, 08:31 PM

নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল বলেন, মঙ্গলবার সারাদিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া-মাহফিল, এতিম ভোজ প্রভৃতি।

বেলা ১০টায় লেখকের কবর জিয়ারত করেন তার ছোট দুই ভাই অধ্যাপক জাফর ইকবাল, আহসান হাবীব এবং তাদের তিন বোন।

কবর জিয়ারত শেষে আহসান হাবীব সাংবাদিকদের বলেন, “হুমায়ূন আহমেদ স্মরণে নুহাশপল্লী ছাড়াও অন্যত্র পারিবারিকভাবে মিউজিয়াম করার ইচ্ছা আছে।”

এরপর হুমায়ূন আহমদের স্ত্রী মেহের আফরোজ শাওন দুই ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে শ্রদ্ধা জানান লেখকের কবরে।

নুহাশপল্লীর ভাস্কর মো. আসাদুজ্জামান জানান, লেখকের মৃত্যুবার্ষিক উপলক্ষে তার স্ত্রী মেহের আফরোজ শাওন সিঙ্গাপুর থেকে আনা মেটালের তৈরি ‘উপুড় হয়ে শুয়ে বই পাঠরত এক নারীর মূর্তি’ নুহাশ পল্লীতে স্থাপন করবেন।

এ উপলক্ষে শাওন ঢাকা থেকে দুই ছেলে নিশাদ ও নিনিদসহ সোমবার রাত ১০টার দিকে নুহাশপল্লীতে গিয়ে অবস্থান করছেন বলে তিনি জানান।

হুমায়ুন আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২৪ জুলাই তার লাশ নিজের গড়া নুহাশ পল্লীর লিচুতলায় দাফন করা হয়।

জনপ্রিয় এই লেখক ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন।