নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা
নড়াইলের সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার দুপুরে নড়াইল-কালিয়া সড়কের ভবানীপুর গ্রামের মাথাভাঙ্গা সেতুর কাছে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সুবাস বিশ্বাস জানান।
নিহত মফি শেখ (৩৫) ওই এলাকার মোতালেব শেখের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে স্থানীয় সরকেলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছেলের উপবৃত্তির টাকা তুলে বাড়ি ফিরছিলেন মফি।পথে ওই গ্রামের লুৎফর রহমান মোল্লার ছেলে জামিনুর মোল্লা তাকে ধারালো অস্ত্র দিয়ে দিয়ে কুপিয়ে জখম করেন।
“স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা ওসির।
ঘটনার পর থেকে জামিনুর পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
