২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে র‌্যাবকে হুমকি, যুবক আটক

আইএসের নামে এসএমএস পাঠিয়ে র‌্যাব ক্যাম্প উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 07:51 PM

Updated : 12 Apr 2022, 02:28 AM

শনিবার নীলফামারীর সৈয়দপুর পৌর শহরের পাঁচ মাথা থেকে শরিফুল ইসলাম চৌধুরী (৩০) নামের ওই যুবককে র‌্যাব আটক করেছে।

সোমবার বিকালে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

শরিকুল ইসলাম সৈয়দপুর শহরের হাতিখানা মহল্লার উপ-সহকারী  প্রকৌশলী নুরুল ইসলাম চৌধুরীর ছেলে।

র‌্যাব-১৩ এর অধীন সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের কমান্ডার মেজর খুরশীদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক যুবক তার ব্যবহৃত মোবাইল ফোনে (০১৭১৯-২৪৪৭২৯) থেকে গত ৫ জুলাই ‘আইএস’ পরিচয়ে নীলফামারী ক্যাম্পের ডেপুটি কমান্ডারের ফোনে (০১৭৭৭-৭১১৩২৩) একটি এসএমএস পাঠান।  

ওই বার্তায় আইএসের নাম দিয়ে র‌্যাব ক্যাম্প ব্র্যাশ ফায়ার করে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, বলেন মেজর খুরশীদ।

“এরপর ওই ফোন নম্বর ট্র্যাক করে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৈয়দপুর শহরের পাঁচ মাথা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়।”

তিনি জানান, এ ঘটনায় র‌্যাব-১৩ এর সিপিসি-২ নীলফামারীর ডিএডি মো. আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে শরিফুলের বিরুদ্ধে ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে তাকে সৈয়দপুর থানায় সোপর্দ করা হয়।

সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, আটক শরিফুল ইসলামকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।