সাভারে ড্রেনে যুবকের বিবস্ত্র লাশ
ঢাকার সাভারে ড্রেন থেকে এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লার চাঁন মিয়ার ইট ভাটার পাশে ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান।
আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি বলেন, ড্রেনে ওই যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, তবে পরনে কোনো জামা-কাপড় নেই।
শুক্রবার রাতে যেকোনো সময় তাকে হত্যার পর দুবৃর্ত্তরা লাশ ড্রেনে ফেলে গেছে বলে ধারণা করছেন তিনি।
