২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘাতে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু, ফের সহিংসতা

মাগুরার শ্রীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত এক ছাত্রলীগ নেতা হাসপাতালে মারা গেছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 12:23 PM

Updated : 12 Apr 2022, 02:27 AM

এরপর শনিবার সকালে তার সমর্থকরা শ্রীপুর উপজেলা সদরের মদনপুর গ্রামে প্রতিপক্ষের বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালিয়েছে।

শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক খলিলুর রহমান শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ২৩ এপ্রিল শ্রীপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরদিন ৬ নম্বর ওয়ার্ডের মদনপুর গ্রামে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘরে ভাংচুরের ঘটনা ঘটে।

শ্রীপুর থানা  ওসি রেজাউল ইসলাম জানান, সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক খলিলুর রহমান গুরুতর আহত হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

“আড়াই মাস চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোর রাতে তিনি মারা যান।”

ওসি বলেন, খলিলের মৃত্যুর সংবাদ শুনে তার সমর্থকরা সকালে মদনপুর গ্রামে প্রতিপক্ষের পাঁচটি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানান তিনি।