২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মন্দিরে হত্যার হুমকির চিঠি

বরিশাল নগরীতে একটি মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতা ও পুরোহিতদের হত্যার হুমকি সম্বলিত একটি চিঠি পাওয়া গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2016, 11:08 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

শুক্রবার সন্ধ্যায় কালীবাড়ি রোডে পাষাণপয়ী কালী মন্দিরে চিঠিটি পাওয়া যায় বলে জানিয়েছেন মন্দিরের পুরোহিত দুলাল ভট্টাচার্য্য।

এ ঘটনায় রাতেই বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেছেন তিনি।

রাজধানীর গুলশানে দেশি-বিদেশি ২০ নাগরিককে হত্যা এবং ঈদের দিন শোলাকিয়ায় ঈদগাহের অদূরে পুলিশের উপর হামলায় বিশ্বব্যাপী তোলপাড়ের মধ্যে বরিশালে এ হুমকি পাওয়া গেল।

দুলাল ভট্টাচার্য্য বলেন, দেশের বিভিন্ন স্থানে পুরোহিতদের উপর হামলার ঘটনার পর থেকে বেশিরভাগ সময়ই মন্দিরের গেট বন্ধ থাকে।

“সন্ধ্যা পৌনে ৬টার দিকে মন্দির খুলে প্রণামীর থালায় একটি চিঠি দেখতে পাই।”

চিঠিতে বরিশালের হিন্দু সম্প্রদায়ের নেতা, পুরোহিত ও সাধারণ নাগরিকদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ মো. আওলাদ জানান, ইতিমধ্যেই বরিশালের সকল মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। গোয়েন্দারা কাজ করছে।

চিঠির ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সাম্প্রতিক কয়েকটি মাসে দেশের বিভিন্ন স্থানে হিন্দু পুরোহিত ও সাধারণ নাগরিককে আচমকা হামলা চালিয়ে হত্যার কয়েকটি ঘটনা ঘটেছে। তবে হুমকি দিয়ে কোথাও হামলা চালানোর খবর পাওয়া যায়নি।

এর আগেও কয়েকটি স্থানে মন্দির ও গির্জায় হামলার হুমকি দিলেও সেসব স্থানে হামলা হয়নি।