মানিকগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
নিহত বাবুল হোসেন (৩০) ঘিওর উপজেলার বিলনালাই গ্রামের হারুন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে মহাসড়কের ভাটবাউর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।
আহত দিদারুল ইসলামকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই আনোয়ার বলেন, বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে বাবুল ও দিদারুল ছিটকে রাস্তায় পড়ে। এতে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে।
