গাইবান্ধায় গ্রেপ্তার ‘আল্লাহর দল’ নেতা রিমান্ডে
গাইবান্ধার পলাশবাড়ীতে সন্দেহভাজন উগ্রবাদী সংগঠন ‘আল্লাহর দলের’ এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার মহদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে মান্না মিয়া ওরফে ইমাম বিপুলকে (২৭) গ্রেপ্তার করা হয় বলে পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান।
গ্রেপ্তার মান্না মিয়া ওরফে ইমাম বিপুল (২৭) সাদুল্লাপুরের মহিপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ‘আল্লাহর দলের’ রংপুর অঞ্চলের নায়ক বলে জানিয়েছে পুলিশ।
ওসি মজিবুর বলেন, মহদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে গোপন বৈঠকে অভিযান চালায় পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে গেলেও মান্না আটক হন।
“তার কাছে বেশ কিছু জেহাদি বই ও ওই দলের ৪০/৪৫ জনের নামের তালিকা পাওয়া গেছে।”
জিজ্ঞাসাবাদের জন্য বিকালে আদালতের মাধ্যমে তাকে ছয়দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
