মাদারীপুরে বাসচাপায় স্কুলশিক্ষক নিহত
মাদারীপুর সদর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ।
নিহত আশিষ কুমার মণ্ডল (৪৯) ছিলেন সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামের কেডিডি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশিষ কুমার মাদারীপুর শহর থেকে বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ফিরছিলেন।
“তিনি কাঠেরপুল এলাকায় বাস থেকে নামার পর দ্রুতগামী সোনালী পরিবহন পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আশিষকে মুমূর্ষু অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
আশিষ রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা বলে জানান ওসি জিয়াউল।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মকবুল হাওলাদার বলেন, আশীষ তিন বছর আগে এ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে যোগ দেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
