২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বিরুদ্ধে স্ত্রীর চুল কাটার অভিযোগ

গাইবান্ধায় দ্বিতীয় স্ত্রীকে মেনে না নেওয়ায় প্রথম স্ত্রীকে মারধরসহ চুল কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে এক পুলিশের বিরুদ্ধে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2016, 10:44 AM

Updated : 20 Aug 2022, 01:12 PM

ঠাকুরগাঁও জেলা পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল আসাদ আলম প্লাবনের নামে এই অভিযোগ করেন তার স্ত্রী জাকিয়া সুলতানা হাসি (২৮)।

গাইবান্ধা সদর হাসপাতালের চিকিৎসক এসআইএম শাহিন জানান, সোমবার রাতে জাকিয়াকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়।

“তার মাথায় ও মুখে জখমের চিহ্ন রয়েছে। আর তার চুল কেটে ফেলা হয়েছে।”

বর্তমানে জাকিয়ার অবস্থা উন্নতির দিকে বলে জানান চিকিৎক।

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘডুমুর গ্রামের আব্দুল হাই আকন্দের মেয়ে জাকিয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১০ সালে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের ডোমরগাছা গ্রামের লাল মিয়ার ছেলে আসাদের সাথে তার বিয়ে হয়।

“পরে আসাদ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় দ্বিতীয় বিয়ে করে তাকে ঘরে তোলার জন্য দেয়। এতে আমি রাজি না হওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।”

আসাদ ঈদের ছুটিতে বাড়ি আসার পর এ নিয়ে আবার কথা কাটাকাটি হয়। শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা তিন দিন জাকিয়াকে একটি অন্ধকার ঘরে তালাবদ্ধ করে রাখা হয় বলে তার অভিযোগ।

“সোমবার রাতে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করার পর মাথার চুল কেটে নেয় আসাদ ও তার পরিবারের লোকজন।”

খবর পেয়ে জাকিয়ার বাবার বাড়ির লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যান বলে তিনি জানান।

পারিবারিকভাবে বিয়ের সময় আসাদ তিন লাখ টাকা যৌতুক নেন বলেও জাকিয়ার অভিযোগ।

আসাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলছেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে বুধবার পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

এই দম্পতির পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে।